কোচবিহারে গৃহবধূকে খুনের অভিযোগ শ্বশুরবাড়ির বিরুদ্ধে
দি নিউজ লায়ন ; গৃহবধূকে খুনের অভিযোগ উঠল শ্বশুরবাড়ির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে কোচবিহারের কোতয়ালি থানার অন্তর্গত নীলকুঠির লঙ্কাবর এলাকায়। এই ঘটনায় কোচবিহার সদর মহিলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন মৃতের পরিবারের সদস্যরা। পুলিশ দেহ উদ্ধার করে কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এই ঘটনায় তিন জনকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সুত্রে জানা গিয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কোতয়ালি থানার পিলখানার বটতলা এলাকার বাসিন্দা নন্দিনী বর্মন (সাহা)-র সঙ্গে তিন বছর আগে বিয়ে হয় পার্শ্ববর্তী এলাকার হারাধন বর্মনের। বিয়ের কয়েক মাস পর থেকেই স্বামী হারাধন নন্দিনীর উপর শারীরিক অত্যাচার চালাতেন বলে অভিযোগ। বেশ কয়েকদিন আগে নন্দিনী তাঁর বাপের বাড়িতে চলে যান। শনিবার রাতে সেখান থেকে জোর করে তাঁকে শ্বশুরবাড়িতে নিয়ে যান তাঁর স্বামী হারাধন বর্মন।
এরপরই নন্দিনীর শ্বশুরবাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হয়। নন্দিনীর পরিবারের লোকেরা জানিয়েছে, শনিবার রাতে জোর করে মেয়েকে শ্বশুরবাড়িতে নিয়ে যাওয়া হয়। এরপর গভীর রাতে তাদের বাড়ি থেকে ফোন করে জানানো হয় মেয়ের অবস্থা ভালো নয়। এরপর সকালে মেয়ের বাড়িতে গিয়ে তারা মেয়ের মৃতদেহ দেখতে পান। এই ঘটনায় মেয়ের শ্বশুর বাড়ির বিরুদ্ধে খুনের অভিযোগ এনেছেন তারা।

Post a Comment